Views Bangladesh Logo

ফুড ডেলিভারির ফাঁকে লিখতেন কবিতা, জিতলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

চীনের জিয়াংসু প্রদেশের ৫৬ বছর বয়সী ফুড ডেলিভারি রাইডার ওয়াং জিবিং জীবিকার ফাঁকে ছোট ছোট কাগজে কবিতা লিখতেন। সেই কবিতাই এবার তাকে এনে দিয়েছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ‘লু শুও সাহিত্য পুরস্কার’।

জিবিংয়ের কবিতার সংকলন ‘লো ফ্লাইট’ এ বছর এই সম্মাননা অর্জন করেছে। আধুনিক চীনা সাহিত্যের জনক লু শুওর নামে নামকরণ করা হয়েছে এ পুরস্কার।

ওয়াং জিবিং দীর্ঘদিন ধরে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ করছেন। এর আগে তিনি নির্মাণশ্রমিক, বর্জ্য সংগ্রাহক ও ফুটপাতের ফেরিওয়ালাসহ বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। পারিবারিক আর্থিক সংকটের কারণে কৈশোরেই পড়াশোনা ছেড়ে দিতে হলেও লেখালেখির প্রতি ভালোবাসা কখনো হারাননি।

গত এক দশক ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কবিতা ও প্রবন্ধ প্রকাশ করে আসছেন। ২০২২ সালে ‘ম্যান ইন অ্যা হারি’ শিরোনামের একটি কবিতা ভাইরাল হওয়ার পর তিনি ব্যাপক পরিচিতি পান। ২০২৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ম্যান ইন অ্যা হারি: পোয়েমস অব আ ফুড ডেলিভারি রাইডার’।

২০২৪ সালে প্রকাশিত ‘লো ফ্লাইট’ গ্রন্থটি প্রায় ২০০ জন ডেলিভারি রাইডারের সাক্ষাৎকার ও জরিপের ভিত্তিতে লেখা কবিতার সংকলন। এতে গিগ অর্থনীতির শ্রমিকদের জীবনসংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে ওয়াং বলেন, ফল ঘোষণার আগে তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন। বিজয়ী হওয়ার খবর শোনার পর যেন সবকিছু থমকে গিয়েছিল।

তবে এই সম্মাননা পাওয়ার পরও চাকরি ছাড়ার কোনো ইচ্ছা নেই তার। ওয়াং বলেন, তিনি অন্তত ৬০ বছর বয়স পর্যন্ত ডেলিভারির কাজ চালিয়ে যেতে চান।

তার ভাষায়, ‘এখন জীবিকার জন্য এই কাজের ওপর নির্ভর করতে হয় না। কিন্তু এই কাজের পরিবেশ আমার ভালো লাগে। এটি আমাকে শারীরিকভাবে সুস্থ রাখে। আমি মাটির কাছাকাছি একটি জীবন চাই। এই পুরস্কার কখনোই আমাকে বদলে দেবে না।’

ওয়াং জিবিংয়ের এই অর্জন চীনে শ্রমজীবী মানুষের সাহিত্যচর্চার উত্থানের নতুন এক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তাঁর সাফল্য প্রমাণ করেছে, প্রতিভা বিকাশের জন্য পেশা নয়, প্রয়োজন অধ্যবসায় ও সৃজনশীলতা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ