Views Bangladesh Logo

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ৭, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপিলি জানান, মধ্য শ্রীলঙ্কায় ভূমিধসে দুটি বাড়ি ধসে পাঁচজন মারা গেছেন। এছাড়া বন্যাসংশ্লিষ্ট পৃথক দুর্ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১২৯টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নৌবাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে জলমগ্ন সড়ক দিয়ে উদ্ধার অভিযান চালাতে দেখা গেছে সেনাসদস্যদের।

নুয়ারা এলিয়া ও বাদুল্লাসহ শ্রীলঙ্কার পাহাড়ি চা–বাগান অধ্যুষিত এলাকাগুলো বর্ষা মৌসুমে ভূমিধস ও আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকিতে থাকে।

গত বছরের নভেম্বরে ঘূর্ণিঝড় দিতওয়াহ–এর ভয়াবহ ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই নতুন এই দুর্যোগের মুখে পড়েছে দেশটি। ওই ঘূর্ণিঝড়ে প্রায় ৬৪০ জনের মৃত্যু হয়েছিল এবং প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ