অগ্ন্যুৎপাতের তীব্রতা কমায় ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমে আসায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরসহ ৮টি বিমানবন্দরে মঙ্গলবার সকাল থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। এতে চরম স্বস্তি ফিরে এসেছে আটকে পড়া ৩ লাখ ৪০ হাজারের বেশি যাত্রীর মাঝে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। এছাড়া এক্স (সাবেক টুইটার) ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার খবর নিশ্চিত করেছে সংস্থাটি।
এর আগে জাভা ও সুমাত্রা দ্বীপকে পৃথককারী সুন্দা প্রণালির একটি দ্বীপে অবস্থিত ‘আনাক ক্রাকাতাউ’ আগ্নেয়গিরিটি গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সক্রিয় হয়ে ওঠে। অগ্ন্যুৎপাতের ফলে জাকার্তা, পূর্ব জাভা, পশ্চিম জাভা এবং সুমাত্রাসহ বিশাল এলাকাজুড়ে ঘন ঘন মৃদু ভূকম্পন অনুভূত হয়। একই সাথে বিপুল পরিমাণ গ্যাস, লাভা ও ছাই নির্গত হয়ে জাকার্তাসহ আশপাশের অঞ্চল ঢেকে যায়।
পরিস্থিতির অবনতি হলে গত রবিবার থেকে সোয়েকার্নো-হাত্তাসহ আটটি বিমানবন্দরে বিমান ওঠানামা স্থগিত করে পরিবহন মন্ত্রণালয়। ফ্লাইট বন্ধের কারণে প্রায় ৩ হাজার ফ্লাইট বাতিল করতে হয়। আটকে পড়া যাত্রীদের বেশিরভাগই সিঙ্গাপুর, দোহা, সিডনি এবং কুয়ালালামপুর রুটের টিকিটের যাত্রী ছিলেন।
মতামত দিন