ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের লালপুল এলাকায় ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। ঘটনার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী মহাসড়কে আকস্মিকভাবে মিছিল করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলা মিছিলটি লাতু মিয়া ইটভাটার কাছাকাছি গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়দের দাবি, মিছিলে ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবকে নেতৃত্ব দিতে দেখা গেছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে মিছিল করার কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এর আগেও একই ধরনের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত এক মাসে ফেনীর অন্তত তিনটি স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে।
মতামত দিন