নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধস, জীবিত উদ্ধার ১২
ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণাঞ্চলে একটি পাঁচতলা বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে অন্তত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় শহরের সাকেত মেট্রো স্টেশনের কাছে সাইদুলাজাব এলাকার ওয়েস্টার্ন মার্গে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবনটিতে একটি কোচিং সেন্টার, কয়েকটি ক্যাফে ও বিভিন্ন অফিস ছিল। দুর্ঘটনার সময় ভবনের ওপরের তলাগুলোতে নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ১২ জনের সবাই জীবিত রয়েছেন। তবে তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের ধারণা, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা পড়ে নেই। তবুও নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি ধসে পড়ার পরপরই ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য চিৎকার শোনা যায়। মুহূর্তেই পুরো এলাকা ধুলোর ঘন মেঘে ঢেকে যায়। ভবনের একটি অংশ পাশের অস্থায়ী টিনশেড ক্যান্টিনের ওপর ভেঙে পড়ে, যেখানে সে সময় শিক্ষার্থীরা খাবার খাচ্ছিল।
দমকল বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা তিনজনকে উদ্ধার করেন। পরে দমকল বাহিনী এবং এনডিআরএফ'র সদস্যরা যৌথভাবে বড় পরিসরের উদ্ধার অভিযান পরিচালনা করেন।
আহতদের একজন নীলম পাশের ক্যান্টিনে অবস্থান করছিলেন। তার বাবা বলবন্ত যাদব স্থানীয় গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার সময় ক্যান্টিনে প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী ছিলেন। নীলমের একটি পা ভেঙে গেছে এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি, হাইড্রোলিক কাটার, বিশেষায়িত ক্যামেরা ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ব্যবহার করা হয়েছে। দমকল বাহিনী, এনডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে কাজ করেন।
উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ভবন ধসের কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তদন্তে ভবনের মালিকানা, নির্মাণ অনুমোদন এবং কোনো ধরনের অবহেলা বা নির্মাণগত ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে।
এই ঘটনা ভারতের দ্রুত নগরায়ণশীল শহরগুলোতে ভবন নিরাপত্তা ও নির্মাণবিধি মেনে চলার বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: এনডিটিভি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে