বিশ্বজুড়ে ২০২৫ সালে স্বজনদের হাতে খুন ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু: জাতিসংঘ
বিশ্বজুড়ে ২০২৫ সালে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে হত্যার শিকার হয়েছেন। সে হিসাবে প্রতিদিন গড়ে ১২৯ জন এবং প্রতি ঘণ্টায় প্রায় পাঁচজন নারী ও কন্যাশিশুকে প্রাণ হারাতে হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এ ভয়াবহ চিত্র।
নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)। এতে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে স্বজন ও ঘনিষ্ঠ সঙ্গীর হাতে হত্যার শিকার নারী ও কন্যাশিশুর সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশকে হত্যা করেছেন পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠ সঙ্গীরা। ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
অঞ্চলভিত্তিক হিসাবে, পরিবারের সদস্যদের হাতে নারী ও কন্যাশিশু হত্যার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে আফ্রিকায়। সেখানে প্রাণ হারিয়েছেন ২২ হাজার ১০০ জন। এশিয়ায় এ সংখ্যা ১৫ হাজার ১০০, আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন।
জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ১৯ শতাংশ ছিলেন নারী। তাঁদের ৬০ শতাংশকে নিজ বাড়িতে হত্যা করা হয়েছে। বিপরীতে, হত্যার শিকার পুরুষদের মধ্যে মাত্র ১১ শতাংশ নিজ বসতবাড়িতে প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বিশ্বব্যাপী সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারী হত্যার হার কমছে তুলনামূলক ধীরগতিতে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এ প্রবণতা স্পষ্ট। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের কোনো অঞ্চলই নারী ও কন্যাশিশুদের জন্য পুরোপুরি নিরাপদ ছিল না।
মতামত দিন