রাজধানীতে মাদ্রাসায় বিস্ফোরণ, ঘুমন্ত ৫ শিক্ষার্থী আহত
রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার একটি ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট বিস্ফোরণে পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সোমবার বিকেল ৩টার দিকে মাদ্রাসার আটতলা ভবনের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, ভবনের ষষ্ঠ তলার একটি বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ ঘটে। এতে দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়। সে সময় কক্ষে ঘুমিয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন। অন্য শিক্ষার্থীরা দ্রুত কক্ষ থেকে বেরিয়ে নিরাপদ স্থানে চলে যান। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন রেদোয়ান, মোদাব্বির, সাফি, মো. উজাইফা ও রোমান। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে রেদোয়ানের অবস্থা গুরুতর।
মতামত দিন