ডিসেম্বরে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল
চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশের পাঁচ জেলায় চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগীয় শহরের পাশাপাশি কুমিল্লায় হাসপাতালগুলো চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।
নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর ওপর নির্ভরশীলতাও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে উপপরিচালকের পাঁচটি, সহকারী পরিচালকের পাঁচটি, সিনিয়র কনসালটেন্টের ১০০টি, জুনিয়র কনসালটেন্টের ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ। এ ছাড়া আবাসিক সার্জনের ১৫টি, আবাসিক মেডিকেল অফিসারের পাঁচটি, মেডিকেল অফিসারের ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জনের ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ২০টি এবং অ্যানেসথেটিস্টের ২০টি পদ রয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে ইতোমধ্যে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে শয্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এর আগে, গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের ছয় বিভাগে অব্যবহৃত ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এরপরই হাসপাতালগুলো চালুর উদ্যোগ জোরদার হয়।
গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানান, বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগে পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করা হবে।
জানা গেছে, হাসপাতালগুলো চালুর জন্য নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে ও পোর্টেবল এক্স-রে মেশিন, মাল্টি-প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে ২০০ শয্যার হাসপাতালগুলোর চিকিৎসাসেবা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সূত্র: বাসস
মতামত দিন