৮ দিনের ব্যবধানে ঢাকা মেডিকেলে ৫ কারাবন্দির মৃত্যু
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসার জন্য আনা আরও এক বন্দির মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মো. রফিকুল ইসলাম (৫৪) নামের ওই বন্দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ নিয়ে গত ৬ সেপ্টেম্বর থেকে ঢামেকে নেওয়া পাঁচ কারাবন্দির মৃত্যু হলো।
মৃত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তার বাবার নাম মো. রজব আলী। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারাগার কর্তৃপক্ষের ভাষ্য, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর সোমবার সকালে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র জানায়, রফিকুলকে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রফিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে ৭ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মারা যান আলী আকবর মণ্ডল (৬৭) নামে আরেক কারাবন্দি। তিনিও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, ৬ সেপ্টেম্বর মাত্র এক ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে চিকিৎসাধীন তিন কারাবন্দির মৃত্যু হয়। সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে মারা যান আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)। তাদের তিনজনকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এ নিয়ে ৬ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ঢামেকে নেওয়া পাঁচ কারাবন্দির মৃত্যু হলো।
মতামত দিন