Views Bangladesh Logo

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করল ৫ জাহাজ, অস্বীকার যুক্তরাষ্ট্রের

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি হয়ে উপসাগরে প্রবেশ করেছে তিনটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জাহাজ। শিপিং ডাটা সংস্থা এলএসইজি ও কেপলার এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সব ধরনের জাহাজ চলাচলের জন্য এই বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দিয়েছে।

শিপিং ডাটা অনুযায়ী, পানামার পতাকাবাহী ‘পিস গালফ’ নামের একটি ট্যাংকার বর্তমানে ইরানের জলসীমার ভেতরে লারাক এবং হরমুজ দ্বীপের মধ্যবর্তী নতুন রুট দিয়ে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এখন থেকে সব জাহাজকে এই নতুন রুট ব্যবহার করতে হবে।

এর আগে একই নৌপথ দিয়ে ‘রিচ স্ট্যারি’ ও ‘এলপিস’ নামের আরও দুটি তেলবাহী ট্যাংকার জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে। এই দুটি জাহাজই বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। তবে এসব জাহাজ ইরানের কোনো বন্দরে নোঙর না করায় এবং কোনো ইরানি পণ্য পরিবহন না করায় এগুলো সোমবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের আওতায় পড়ছে না।

এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বন্দর ও উপসাগরীয় এলাকায় তাদের অবরোধ শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজ তা অতিক্রম করতে পারেনি। এ অবরোধে ১০ হাজারের বেশি সেনাসদস্য, ডজনখানেক যুদ্ধজাহাজ ও বিমান অংশ নিয়েছে।

এর আগে সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী তারা ওইদিন সকাল ১০টা (জিএমটি) থেকে ইরানি বন্দরগামী ও বন্দরত্যাগী নৌযান চলাচলে অবরোধ কার্যকর শুরু করেছে।

সেন্টকম বলেছিল, এই অবরোধ সব দেশের জাহাজের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যেসব জাহাজ ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হবে। এর আওতায় আরব উপসাগর ও ওমান উপসাগরের সব ইরানি বন্দর অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ