Views Bangladesh Logo

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আরও পাঁচ দল। সর্বশেষ হিসাব অনুযায়ী— মিশর, ইংল্যান্ড, ঘানা, পর্তুগাল ও প্যারাগুয়ে রাউন্ড অব ৩২-এ খেলা নিশ্চিত করেছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগেই চার পয়েন্ট নিয়ে নিরাপদ অবস্থানে ছিল মিশর, ইংল্যান্ড, ঘানা ও পর্তুগাল। একই সময়ে গ্রুপ ‘এইচ’-এর ফলাফলের কারণে নকআউটে ওঠার জন্য প্রয়োজনীয় পয়েন্টের সীমা চারে নেমে আসে। এতে চার পয়েন্ট নিয়েই পরবর্তী পর্বে খেলার টিকিট নিশ্চিত হয়ে যায় এই চার দলের। একই সমীকরণে নকআউট নিশ্চিত করে প্যারাগুয়েও।

এর আগে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছিল আরও ১৯টি দল। তারা হলো— মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

এ নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা দলের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। বাকি আটটি স্থান নির্ধারিত হবে গ্রুপ পর্বের শেষ দফার ম্যাচগুলোর ফলাফলের ভিত্তিতে।

আগামী ২৮ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের নকআউট পর্ব। প্রচলিত নিয়ম অনুযায়ী, রাউন্ড অব ৩২ থেকে প্রতিটি ম্যাচই হবে সিঙ্গেল-এলিমিনেশন পদ্ধতিতে। অর্থাৎ হেরে যাওয়া দল সঙ্গে সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ড্র হলে ১৫ মিনিট করে দুই অর্ধে মোট ৩০ মিনিট অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও সমতা না ভাঙলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হবে এবং তারাই পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ