হাম ও উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ১০৫৩
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৫২ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।
এ ছাড়া এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে দেশে হাম পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে।
মতামত দিন