ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১১০
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং বরিশাল বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
নতুন রোগী ভর্তির হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে খুলনা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ১৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ঢাকা বিভাগে ১৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ৯১, ময়মনসিংহ বিভাগে ৬৫, রংপুর বিভাগে ৩২ এবং সিলেট বিভাগে সাতজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৫৪ জন।
অন্যদিকে চলতি বছরে খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে সাত এবং রাজশাহীতে চারজনের মৃত্যু হয়েছে। রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট দুজন ডেঙ্গুতে মারা গেছেন।
মতামত দিন