হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ জন শিশু।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩১২ জন।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৩ জন। গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৭৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৩২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ১৩৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এ ধরনের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে।
মতামত দিন