মিরপুরে গার্মেন্টস ডিপোতে আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৫
রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের প্রত্যেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের পরপরই দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তাঁদের সবার ইনহেলেশন ইনজুরি বা ধোঁয়া ও উত্তাপে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি শনাক্ত হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) ও নাদিরা (৩০)।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে আনার পরপরই পাঁচজনের চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে তাঁদের সবার অক্সিজেন স্যাচুরেশন স্থিতিশীল রয়েছে। তবে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁদের শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছে।
মতামত দিন