Views Bangladesh Logo

মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত

আটলান্টা থেকে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় এক যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে কেবিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২২ আগস্ট) যুক্তরাষ্ট্রের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের ২৩৯৮ নম্বর ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৩৩ জন যাত্রী ও ক্রুবাহী বিমানটির পেছনের অংশে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পান যাত্রীরা। তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি অবহিত করেন বিমানের ক্যাপটেন।

পরবর্তীতে ফ্লাইট অ্যাটেনডেন্টরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জ্বলন্ত ল্যাপটপটি কেবিনের মাঝামাঝি স্থানে সরিয়ে নেন।

বিবিসির তথ্যমতে, বিমানটি শেষ পর্যন্ত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং সরাসরি গেটে চলে যায়। রানওয়েতে অবতরণের পরপরই বিমানবন্দরের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে দগ্ধ এক যাত্রীকে দুর্ঘটনাস্থলেই প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার পর এক বিবৃতিতে ঝুঁকি মোকাবিলায় ফ্লাইট ক্রুদের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের প্রশংসা করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিবৃতিতে সংস্থাটি জানায়, অবতরণের সময় যাত্রীর একটি ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া বের হতে দেখা যাওয়ার পরও ফ্লাইটটি নিরাপদে ডালাসে অবতরণ করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় আমরা বিমানের ক্রু সদস্যদের ধন্যবাদ জানাই।

সূত্র: এনডিটিভি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ