আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ৫ কর্মকর্তা নিহত
ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ বিমানসেনা নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকালে দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়।
প্রাথমিকভাবে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা না গেলেও পরে ভারতীয় বিমানবাহিনী নিহতদের পরিচয় প্রকাশ করে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইএএফ গভীর শোক প্রকাশ করে জানায়, জোরহাটে এএন-৩২ বিমান দুর্ঘটনায় তাদের পাঁচ সদস্য প্রাণ হারিয়েছেন।
নিহতরা হলেন—স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
এএন-৩২ বিমানকে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য পরিবহন উড়োজাহাজ হিসেবে বিবেচনা করা হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নে নির্মিত এই বিমান ভারতের প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে অভিযোজিত করা হয়েছিল। বর্তমানে আইএএফের বহরে প্রায় ১০০টি এএন-৩২ রয়েছে।
প্রতিকূল আবহাওয়া, দুর্গম এলাকা এবং উচ্চ পার্বত্য বিমানঘাঁটিতে পরিচালনার সক্ষমতার কারণে এ বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এটি একসঙ্গে সাড়ে সাত টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে। বিশেষ করে দুর্গম ও বিচ্ছিন্ন অঞ্চলে রসদ সরবরাহে এ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এর আগে চলতি বছরের মার্চ মাসে আসামের কারবি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হন।
সাম্প্রতিক এই দুর্ঘটনা ভারতীয় বিমানবাহিনীর নিরাপত্তা ও পুরোনো উড়োজাহাজের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
সূত্র: এনডিটিভি

মতামত দিন