ওজন কমাতে পাতে রাখুন ৫ বিশেষ খাবার
বাড়তি ওজন কমাতে হলে শুধু খাদ্যতালিকা থেকে ফ্যাটজাতীয় খাবার বাদ দেওয়াই মূল কথা নয়। ওজন কমানোর ক্ষেত্রে প্রধান লক্ষ্য হওয়া উচিত দৈনিক ক্যালরি গ্রহণ ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা। স্বাস্থ্যসম্মত ও নিয়ন্ত্রিত ডায়েটের পাশাপাশি বিপাক প্রক্রিয়ায় সাহায্যকারী উপাদানগুলো শরীর থেকে চর্বি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দ্রুত ক্যালরি পোড়াতে ও মেদ ঝরাতে খাদ্যতালিকায় যোগ করতে পারেন বিশেষ এই ৫ খাবার:
১. প্রোটিন-সমৃদ্ধ খাবার: পরিপাক প্রক্রিয়া চলাকালে প্রোটিন এক ধরনের তাপ উৎপন্ন করে, যা শরীরের প্রায় ৩০ শতাংশ ক্যালরি ভাঙতে সাহায্য করে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ মাছ, মটরশুঁটি, বাদাম ও ডিমের প্রোটিন শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট অপসারণে কার্যকর।
২. শস্যদানা: প্রতিদিনের খাবারে ভিটামিন বি, ই, ম্যাগনেসিয়াম ও ফাইবারসমৃদ্ধ শস্যদানা রাখা প্রয়োজন। ওটমিল, জোয়ার, বাজরা বা রাগির মতো শস্যদানা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও বিপাকক্রিয়া ঠিক রাখে। ওটমিলের বিটা গ্লুকেন চর্বি শুষে নেওয়ায় দীর্ঘ সময় ক্ষুধা লাগে না।
৩. আপেল: আপেলে থাকা পেকটিন নামক জেলজাতীয় উপাদান দীর্ঘসময় ক্ষুধা নিবারণে সহায়ক। এর নির্দিষ্ট পরিমাণ ফাইবার ও পানি শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
৪. দারুচিনি: দারুচিনি সরাসরি চর্বি পোড়াতে সাহায্য করে এবং রক্তের শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। সকালে চায়ের সাথে অথবা হালকা গরম পানিতে মধু ও দারুচিনি গুঁড়া মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়।
৫. সবুজ শাক-সবজি: উচ্চ ফাইবার, ক্যালসিয়াম ও ভিটামিন সি সমৃদ্ধ সবুজ পাতাযুক্ত শাক-সবজি ক্যালরি কমায়। এসব সবজির জুস শরীরকে ভেতর থেকে শুদ্ধ (বডি ক্লিনজিং) করার পাশাপাশি বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে চর্বি কমায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে