রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
রাজধানীর চারটি এলাকায় পৃথক ঘটনায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ওয়ারী, হাতিরপুল, মিরপুর-১০ ও ধানমন্ডিতে এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ আহত না হলেও হাতিরপুল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা শুরু করে।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ বিষয়টি জানতে পারে। বিস্ফোরণের পরপরই জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।
অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে ধাওয়া করা হলেও আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায়ও কেউ আহত হননি।
সর্বশেষ রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিরা দ্রুত সেখান থেকে সরে পড়ে। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।
মতামত দিন