কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পৌরসভায় সাংবাদিকদের সামনে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
প্রায় সাড়ে সাত বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করা ফিরহাদ তার পদত্যাগপত্র জমা দেন কলকাতা পৌরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে। ২০১৮ সালের ৩ ডিসেম্বর তিনি কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরে কলকাতা পৌরসভার ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা।
মেয়র হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার প্রায় ছয় মাস আগেই পদত্যাগ করায় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। গত কয়েক দিন ধরেই তার পদত্যাগ নিয়ে জল্পনা চলছিল। এর আগে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন যে, ফিরহাদ হাকিম মেয়র পদ ছাড়ার ইচ্ছার কথা দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন এবং তিনি এতে সম্মতি দিয়েছেন।
যদিও শুরুতে ফিরহাদ পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার কথা বলেছিলেন, শেষ পর্যন্ত শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়ে সব জল্পনার অবসান ঘটান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার পদত্যাগ কলকাতা পৌর প্রশাসনে নতুন নেতৃত্ব আসার পথ তৈরি করতে পারে এবং পশ্চিমবঙ্গের স্থানীয় রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে। সূত্র: আনন্দবাজার

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে