চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১
চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। সোমবার বিকেলের এই মর্মান্তিক ঘটনাটি দেশটির শীর্ষ নেতৃত্বের নজরে এসেছে। প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সময় গতকাল বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে হুনান প্রদেশের রাজধানী চাংশায় অবস্থিত ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’ নামের কারখানায় এই বিস্ফোরণ ঘটে। জানা গেছে, এলাকাটি আতশবাজি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ক্রমাগত বিস্ফোরণে পাহাড়ঘেরা ওই এলাকার আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী তৈরি হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির ড্রোন ফুটেজে দেখা যায়, যেখানে একসময় কারখানা ভবন ছিল, সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ। আশপাশের ভবনগুলোর ছাদ উড়ে গেছে এবং বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
এ ঘটনার পরপরই প্রায় ৫০০ জন অগ্নিনির্বাপক কর্মী, উদ্ধারকারী এবং চিকিৎসক দুর্ঘটনাস্থলে পৌঁছান। বিস্ফোরণস্থলের চারপাশের তিন কিলোমিটার এলাকা সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের বাসিন্দাদের।
কেন্দ্রীয় সরকার উদ্ধার অভিযান সমন্বয় করতে বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে বের করতে খননকারী যন্ত্রের সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে।
বিস্ফোরণে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান এবং নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে তিনি বিস্ফোরণের কারণ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে এবং দায়ীদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন। এ ছাড়াও দেশজুড়ে ঝুঁকিপূর্ণ শিল্পগুলোতে কঠোর নিরাপত্তা তল্লাশি (স্ক্রিনিং) এবং জননিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করার বিশেষ নির্দেশনা জারি করেছেন তিনি।
উল্লেখ্য, চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ নতুন কিছু নয়। গত বছর হুনানেরই অন্য একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৯ জন নিহত হন। এর আগে ২০২৩ সালে তিয়ানজিন শহরে আবাসিক ভবনে একই ধরনের বিস্ফোরণে ৩ জন প্রাণ হারান। একের পর এক এ ধরনের দুর্ঘটনা চীনের আতশবাজি শিল্প খাতের নিরাপত্তা মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে