Views Bangladesh Logo

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে ৪ ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর ও বাড্ডায় তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে যাত্রাবাড়ীতে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। শনিবার সন্ধ্যায় পৃথক এসব ঘটনায় যাত্রাবাড়ীতে একজন রিকশাচালক আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে চলন্ত শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে একই সময়ে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত ৮টার দিকে মধ্য বাড্ডায় একটি গ্যারেজের সামনে পার্ক করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা বাসটির পেছনের অংশে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

অন্যদিকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক রিকশাচালক আহত হন। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) খালিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। রাজধানীর পৃথক এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্য সংগ্রহ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ