উত্তরায় সেন্টার পয়েন্টের রেস্তোরাঁয় আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর উত্তরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন কেপিআইভুক্ত এলাকায় অবস্থিত অভিজাত সেন্টার পয়েন্ট শপিং মলের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় ৫৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ছয়তলা ভবনটির পঞ্চম তলায় থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায় ৫৫ মিনিটের অভিযানের পর দুপুর ১টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর বিমানবন্দর ও আশপাশের সড়কে যানবাহনের চাপ বেড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে আগুনের ধোঁয়া ও ফায়ার সার্ভিসের তৎপরতা ঘিরে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বিমানবন্দরের পাশে একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় রেস্তোরাঁয় দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
মতামত দিন