Views Bangladesh Logo

ভারতের মধ্যপ্রদেশে ট্রেনে আগুন, রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

ভারতের মধ্যপ্রদেশের রতলাম জেলায় তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) ভোরে আগুন লাগলে রেল কর্মকর্তাদের দ্রুত তৎপরতায় প্রাণে রক্ষা পান ট্রেনটির ৬৮ জন যাত্রী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিম মধ্য রেলওয়ের কোটা ডিভিশনের লুনি রিছা ও বিক্রমগড় আলোট স্টেশনের মধ্যবর্তী এলাকায় ভোর সোয়া ৫টার দিকে ১২৪৩১ নম্বর ট্রেনের বি-১ কোচ ও সংলগ্ন লাগেজ ভ্যানে আগুন লাগে।


ট্রেনের গার্ড প্রথমে কামরা থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখে লোকো পাইলটকে সতর্ক করেন। এরপর দ্রুত ট্রেন থামিয়ে যাত্রী সরিয়ে নেওয়া শুরু হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আক্রান্ত কোচটি ট্রেন থেকে আলাদা করা হয়। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ও রেলকর্মীরা মাত্র ১৫ মিনিটের মধ্যে পুরো কোচ খালি করে ফেলেন এবং সতর্কতামূলকভাবে পাশের কোচগুলো থেকেও যাত্রীদের নামিয়ে আনা হয়।

পশ্চিম মধ্য রেলওয়ের কোটা ডিভিশন জানিয়েছে, কোনো যাত্রী বা রেলকর্মী হতাহত হননি। তবে দুর্ঘটনার কারণে দিল্লি-মুম্বাই রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আগুনের কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে।


উল্লেখ্য, গত দুই সপ্তাহে ভারতে এটি দ্বিতীয় ট্রেন অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে ১৫ মে হায়দরাবাদের নামপল্লী রেলওয়ে স্টেশনে হায়দরাবাদ-জয়পুর স্পেশাল এক্সপ্রেসের দুটি এসি কোচে আগুন লাগে, সেই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ