মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার পর প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সহায়তায় আরও একটি ইউনিট যুক্ত হয়েছে। এতে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, দমকলকর্মীরা সবেমাত্র ঘটনাস্থলে পৌঁছেছেন। তাই কী কারণে আগুনের সূত্রপাত এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়।
বস্তির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, কিংবা আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
মতামত দিন