কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট
রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর আসে। এরপর একে একে ইউনিটের সংখ্যা বাড়িয়ে বর্তমানে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘কারওয়ান বাজারের কাঠপট্টিতে একটি পাঁচতলা এল-আকৃতির ভবনের বিভিন্ন তলায় (তৃতীয়, চতুর্থ ও পঞ্চম) আগুন লেগেছে। ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে, দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ডায়াপারের গুদাম রয়েছে। এছাড়া আশেপাশে কাঠের গুদামও রয়েছে।’
তিনি আরও জানান, আগুন নির্বাপণের পর বিস্তারিত কারণ জানা যাবে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে