Views Bangladesh Logo

মোহাম্মদপুরে খাবারের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানটির ভেতরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে তাজমহল রোডের সি ব্লকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি কর্মকর্তা লিমা খানম জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সি ব্লকের ১ নম্বর দোকানে থাকা ‘সিপি ফাইভ স্টার ফাস্ট ফুড’ নামের খাবারের দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতায় দোকানটির ভেতরের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার সময় দোকানটি খোলা ছিল কি না, কিংবা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও প্রাথমিকভাবে জানা যায়নি।

এদিকে মোহাম্মদপুর থানার ডিউটি কর্মকর্তা মো. জাহাঙ্গীর জানান, সকাল সাড়ে ৮টার দিকে তাজমহল রোডে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ