Views Bangladesh Logo

দক্ষিণ কোরিয়ায় গাড়ি কারখানায় ভয়াবহ আগুন, ১১ জন নিহত

দক্ষিণ কোরিয়ার একটি গাড়ির যন্ত্রাংশ কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

শনিবার (২১ মার্চ) মধ্যাঞ্চলীয় শহর ডেজনে অবস্থিত কারখানার ধ্বংসস্তূপে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালান উদ্ধারকর্মীরা। ধসের আশঙ্কা থাকায় শুরুতে দমকল বাহিনী ভেতরে প্রবেশ করতে পারেনি। খবর এএফপি।

ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, কারখানায় মজুত থাকা সোডিয়ামের কারণে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ ব্যাহত হয়। আগুন লাগার সময় সেখানে প্রায় ১৭০ জন কর্মী উপস্থিত ছিলেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন, আর মোট আহতের সংখ্যা ৩৪। এছাড়া তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে এক প্রত্যক্ষদর্শী বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ