হাজারীবাগে লেদার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর হাজারীবাগ এলাকার কাঁচা বাজারের পাশে ‘ফনেক্স’ নামের একটি ৮তলা ভবনের ট্যানারি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম জানান, ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না। তাই আগুন নেভাতে দেরি হয়েছে।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।
প্লাস্টিক, লেদারসহ দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তিনি।
তাজুল বলেন, ‘আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়েছিল। দুপুর ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম।’
ভবনটিতে আগুনের সূত্রপাত পাঁচতলায় এক চুলা থেকে হয়েছে বলে দাবি করেছেন ওই ভবনের এক কর্মচারী। আসাদ নামে এই কর্মচারী বলেন, ‘পাঁচ তলায় পুরোটাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতা, চামড়ার পণ্য ও কাঁচামাল। ফলে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে।’
রাশেদুল নামে এক ব্যবসায়ী অভিযোগ করেন, এর আগেও চারতলায় আগুন লেগেছিল কিন্তু কোনো কার্যকর পদক্ষেপই নেয়া হয়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক কর্নেল মো. তাজুল ইসলামও জানিয়েছেন, ইতোপূর্বে ভবনটির নিরাপত্তা নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে