চকবাজারে গোডাউনে ভয়াবহ আগুন: ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে সোমবার বিকেলে লাগা ভয়াবহ আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগার খবর আসে। ৫টা ৪ মিনিটে ইউনিটগুলো রওনা হয় এবং ২২ মিনিটে প্রথম দলটি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। শুরুতে অল্প কয়েকটি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। একপর্যায়ে আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পুরান ঢাকার সরু গলির কারণে বড় গাড়ি ঘটনাস্থলের কাছে ঢুকতে পারেনি। এর সঙ্গে যুক্ত হয় ঘন ধোঁয়া ও পানির সংকট। ষষ্ঠ তলার গুদামগুলো তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ও শাটার কেটে ভেতরে ঢুকতে হয়েছে, এতে আগুন নেভানোর কাজ আরও ধীর হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভবনের দ্বিতীয় থেকে চতুর্থ তলায় দোকান এবং পঞ্চম থেকে সপ্তম তলায় গুদাম রয়েছে। এসব গুদামে ভ্যানিটি ব্যাগ ও প্রসাধনসামগ্রীসহ নানা পণ্য মজুত ছিল। আগুন দ্রুত ছড়ানোর ক্ষেত্রে এসব দাহ্য পণ্যের ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ষষ্ঠ তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন দুই ফায়ার সার্ভিস কর্মী, তাঁদের হাসপাতালে নেওয়া হয়। ভবনের কাঠামোগত জটিলতা ও সরু রাস্তাও কাজকে কঠিন করে তুলেছিল বলে জানায় সংস্থাটি।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর তদন্তের মাধ্যমে এসব বিষয় নির্ধারণ করা হবে।
মতামত দিন