Views Bangladesh Logo

বনানীর ২৬ তলা ভবনে আগুন, আধঘণ্টায় নিয়ন্ত্রণে

ঢাকার বনানীতে একটি বহুতল ভবনের ২৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে আহমেদ টাওয়ার নামের ২৬ তলা ভবনের একটি বায়িং হাউজের কার্যালয়ে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১৪ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, শনিবার বিকেল ৫টা ৫৬ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

তিনি বলেন, বায়িং হাউজের কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও কম্পিউটারের সার্ভারে আগুন লেগেছিল। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভবনটি বনানীর এফআর টাওয়ারের পাশেই অবস্থিত। ২০১৯ সালের ২৮ মার্চ ওই এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়েছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ