১৩৩টি অধ্যাদেশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২ এপ্রিলের মধ্যে: আইনমন্ত্রী
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জাতীয় সংসদে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময় মন্ত্রী বলেন, ‘সংবিধান ও জনগণের প্রত্যাশার সমন্বয় ঘটিয়েই এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘সংবিধান ও জনআকাঙ্ক্ষা- উভয় বিষয়কে গুরুত্ব দিয়েই বিশেষ কমিটি কাজ করছে। ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো পর্যালোচনা শেষে চলতি অধিবেশনেই তা সংসদে উত্থাপন করা হবে।’
গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করেন। পরবর্তীতে তার প্রস্তাবের ভিত্তিতে অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হয়।
বিশেষ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির জয়নুল আবেদীন। কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, সালাহ উদ্দিন আহমদ, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মুহাম্মদ ওসমান ফারুক, এএম মাহবুর উদ্দিন, আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, ফারাজানা শারমীন, জামায়াতে ইসলামীর মো. মজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও গাজী মো. নজরুল ইসলাম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে