৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসককে চূড়ান্ত নিয়োগ
দেশের চিকিৎসক সংকট দূর করতে আয়োজিত ৪৮তম বিসিএস (বিশেষ) থেকে আরও ১৮৪ জন চিকিৎসককে চূড়ান্ত নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে এই সম্পূরক গেজেট প্রকাশ করা হয়েছে। নিয়োগ পাওয়া চিকিৎসকদের মধ্যে সহকারী ডেন্টাল সার্জন ১৯ জন এবং সহকারী সার্জন ১৬৫ জন।
জাতীয় বেতনকাঠামো ২০১৫ অনুযায়ী তাঁদের ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
চাকরিতে যোগদানের পর চিকিৎসকদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এ সময়ের মধ্যে তাঁদের বনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণও সম্পন্ন করতে হবে। শিক্ষানবিশকাল শেষ হওয়ার পর তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণের পুরো খরচ ফেরত দিতে হবে। এ জন্য যোগদানের সময় ৩০০ টাকার স্ট্যাম্পে বন্ড জমা দিতে হবে।
এ ছাড়া যোগদানের সময় সম্পত্তির হিসাব বিবরণী এবং যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামাও জমা দিতে হবে।
৪৮তম বিসিএসের প্রেক্ষাপট
সারা দেশে সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়াতে ২০২৫ সালে ৩ হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার শেষে প্রয়োজনীয়সংখ্যক প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।
এর ভিত্তিতে ২০২৬ সালের ২২ জানুয়ারি প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই গেজেটে ৩ হাজার ২৬৩ চিকিৎসককে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়। তাঁরা ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দেন।
মতামত দিন