Views Bangladesh Logo

ফিফার সমর্থক ভোটে বিশ্বকাপের সেরা একাদশ, স্পেন-ফ্রান্সের আধিপত্য

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর সমর্থকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। ৪-৩-৩ ফরমেশনে সাজানো এই দলে সবচেয়ে বেশি তিনজন করে জায়গা পেয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্সের ফুটবলাররা। রানার্সআপ আর্জেন্টিনা থেকে রয়েছেন দুইজন, আর ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে জায়গা পেয়েছেন একজন করে খেলোয়াড়।

সেরা একাদশের গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ ভোজিনিয়া। ৪০ বছর বয়সী এই গোলকিপার পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সমর্থকদের ৩৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে স্পেনের গোল্ডেন গ্লাভসজয়ী উনাই সিমনকে পেছনে ফেলেছেন।

রক্ষণভাগে রয়েছেন স্পেনের পেদ্রো পোরো ও মার্ক কুকুরেয়া, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। বিশ্বকাপজুড়ে স্পেনের শক্তিশালী রক্ষণভাগে পোরো ও কুকুরেয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের গোল্ডেন বলজয়ী রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। তিনজনই পুরো টুর্নামেন্টে নিজ নিজ দলের মাঝমাঠে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়েছেন।

আক্রমণভাগে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের গোল্ডেন বুটজয়ী কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ড। এমবাপ্পে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন। ৩৯ বছর বয়সেও মেসি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অন্যদিকে সাত গোল করে নরওয়েকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন হালান্ড।

ফিফার সমর্থক-ভোটে নির্বাচিত ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ:

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)
রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)
মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আর্লিং হালান্ড (নরওয়ে)।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ