বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি করবে ফিফা
বিশ্বকাপ থেকে অতিরিক্ত আয় বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত মাঠের ঘাসের টুকরো সংগ্রহযোগ্য স্মারক হিসেবে বিক্রি করবে সংস্থাটি।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ওই ম্যাচ শেষে মাঠের ঘাসের নির্দিষ্ট অংশ অ্যাক্রিলিক কেসে সংরক্ষণ করে স্মারক হিসেবে বিক্রি করা হবে। প্রতিটি টুকরোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকার বেশি।
ফিফার তথ্য অনুযায়ী, প্রতিটি স্মারকে ফাইনালে ব্যবহৃত মাঠের আসল ঘাসের একটি অংশ থাকবে। এটি ফুটবল ইতিহাসের একটি স্মারক হিসেবে সংগ্রাহকদের জন্য সংরক্ষণ করা হবে।
তবে ঘাসের টুকরোর আকার নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। ফিফা ১৭.৫ × ১৭.৫ × ১৭.৭ মাপ উল্লেখ করলেও সেটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার—তা স্পষ্ট করেনি। এ বিষয়ে অনেক ভক্ত জানতে চাইলেও এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর ক্রেতাদের কাছে স্মারকগুলো পাঠানো হবে। তবে আপাতত শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাসিন্দারাই এগুলো কিনতে পারবেন। বিশ্বের অন্য অঞ্চলে এই স্মারক সরবরাহ করা হবে না বলে জানিয়েছে ফিফা।
মতামত দিন