বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবারের মতো ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেবে ফিফা
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম শিরোপাজয়ী দলকে দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। যুক্তরাষ্ট্রের খেলাধুলার সংস্কৃতির অন্যতম জনপ্রিয় এই রীতি এবার প্রথমবারের মতো নিয়ে আসছে ফিফা।
বৃহস্পতিবার এই ঘোষণা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
চিরাচরিত বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি এবার চ্যাম্পিয়ন দল পাবে এই বিশেষ রিং। পুরো আসরের স্মারক হিসেবে তৈরি হয়েছে সর্বমোট ২,০২৬টি স্বতন্ত্র নম্বরযুক্ত রিং, যার মধ্যে ৩০টি সংরক্ষিত থাকবে বিজয়ী দলের খেলোয়াড়দের জন্য। বাকি ১,৯৯৬টি রিং বিশ্বজুড়ে ভক্তদের জন্য সরকারিভাবে বিক্রির জন্য উন্মুক্ত থাকবে, যাতে সমর্থকরাও চাইলে এই ঐতিহাসিক আসরের একটি স্মৃতিচিহ্ন নিজেদের কাছে রাখতে পারেন।
রিংয়ের এক পাশে খোদাই করা থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা, আর অন্য পাশে থাকবে বিজয়ী দেশের পরিচয় তুলে ধরা কাস্টমাইজড নকশা। প্রতিটি রিং হবে আলাদা নম্বরযুক্ত, খেলোয়াড়দের মাপ অনুযায়ী তৈরি এবং সঙ্গে থাকবে সত্যতার সনদপত্র।
ফাইনালের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠের উদ্যাপনের মধ্যে বিজয়ী দলের অধিনায়ক ও হেড কোচকে দেওয়া হবে সাময়িক রিং। পরবর্তীতে পুরো ৩০ সদস্যের জন্য নির্দিষ্ট মাপে তৈরি রিংগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে, যা থেকে যাবে তাদের এই অর্জনের চিরস্থায়ী স্মারক হিসেবে।
রোববারের এই ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ সেরা স্পেন। সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেয় স্পেন।
মতামত দিন