বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা
চলমান বিশ্বকাপে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদানের ধরনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফিফা। মুসলিম খেলোয়াড়, বৈধ মদ্যপানের বয়সের নিচে থাকা ফুটবলার, বা যেসব খেলোয়াড় কোনো অ্যালকোহল ব্র্যান্ডের সঙ্গে নিজেদের নাম জড়াতে চান না—তাদের ক্ষেত্রে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি থেকে স্পনসরের লোগো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থাটি।
ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপে ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারটির পৃষ্ঠপোষক বিয়ার ব্র্যান্ড মিশেলোব আল্ট্রা। তবে নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের ক্ষেত্রে ট্রফি ও আনুষ্ঠানিক ছবিতে এই স্পনসরের লোগো রাখা হচ্ছে না। তার পরিবর্তে সেখানে শুধু লেখা থাকছে ‘দ্য সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’, পাশাপাশি থাকছে বিশ্বকাপের নিজস্ব লোগো।
বিষয়টি প্রথম আলোচনায় আসে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে টুর্নামেন্টের দ্রুততম গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতা মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারির লোগোবিহীন ট্রফি হাতে পাওয়ার পর। এরপর জানা যায়, একই ধরনের লোগোমুক্ত ট্রফি পেয়েছেন মিসরের ইমাম আশুর, জর্ডানের আলি অলওয়ান, ইরানের রামিন রেজাইয়ান, কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা, আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দে, কানাডার ইসমাইল কোনে এবং সুইজারল্যান্ডের ইয়োহান মানজাম্বি।
ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার বিবেচনা। ইসলাম ধর্মে মদ্যপান নিষিদ্ধ হওয়ায় মুসলিম খেলোয়াড়দের বিশ্বাসের প্রতি সম্মান জানাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। স্পোর্টসবাইবেলকে ফিফার এক মুখপাত্র বলেন, ‘নির্বাচিত খেলোয়াড়ের অনুরোধে লোগোবিহীন পুরস্কার ও পটভূমি ব্যবহারের সুযোগ রয়েছে।’
শুধু মুসলিম খেলোয়াড়রাই নন, ধর্ম-বর্ণ নির্বিশেষে যেকোনো খেলোয়াড় যদি কোনো অ্যালকোহল ব্র্যান্ডের সঙ্গে নিজেকে যুক্ত করতে না চান, তিনিও এই সুবিধা নিতে পারেন। গত বছরের ক্লাব বিশ্বকাপেও একই নীতি অনুসরণ করেছিল ফিফা। সে আসরে পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি এবং তখন পালমেইরাসে খেলা, বর্তমানে চেলসিতে থাকা ফুটবলার এস্তেভাও—দুজনেই ব্র্যান্ডবিহীন ট্রফি পেয়েছিলেন। হাকিমির ক্ষেত্রে কারণ তাঁর ধর্মীয় পরিচয়, আর এস্তেভাওর ক্ষেত্রে কারণ ছিল বয়স—তিনি তখন অপ্রাপ্তবয়স্ক ছিলেন।
অ্যালকোহল স্পনসরশিপ নিয়ে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। ২০১৮ বিশ্বকাপেও একবার এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল, যখন মিসরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাওয়ি ধর্মীয় কারণে প্রচলিত ম্যাচসেরার পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
মতামত দিন