ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনে যে সিদ্ধান্ত নিলো ফিফা
মেক্সিকো সিটির বৈরী আবহাওয়াকে ঘিরে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা চললেও শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত সূচিই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এর ফলে মেক্সিকো ও ইংল্যান্ডের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সূচিতে কোনো পরিবর্তন না আসায় একই দিনে অনুষ্ঠিত হবে ব্রাজিল-নরওয়ে ম্যাচেরও।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ড। অন্যদিকে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে নামবে ব্রাজিল ও নরওয়ে। এর আগে আলোচনা ছিল, মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের সময় পরিবর্তন হলে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সূচিতেও প্রভাব পড়তে পারে।
জানা গেছে, মেক্সিকো সিটিতে ম্যাচের সম্ভাব্য সময়ে ভারী বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস থাকায় মেক্সিকান ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একাধিক দফায় বৈঠক করে ফিফা কর্তৃপক্ষ। আলোচনায় স্থানীয় সময় সন্ধ্যার পরিবর্তে ম্যাচটি ছয় ঘণ্টা এগিয়ে দুপুর ১২টায় আয়োজনের প্রস্তাবও উঠে আসে। তবে দুই দলের ভ্রমণ, প্রস্তুতি ও অন্যান্য লজিস্টিক বিষয় বিবেচনায় শেষ পর্যন্ত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুধু আবহাওয়াই নয়, জননিরাপত্তার বিষয়টিও ছিল আয়োজকদের অন্যতম বিবেচ্য বিষয়। স্থানীয় প্রশাসনের আশঙ্কা ছিল, বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ শেষ হতে দেরি হলে গভীর রাতে দর্শকদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা কঠিন হয়ে পড়তে পারে। এর আগে মেক্সিকোর ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে এটিই শেষ ম্যাচ। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
মতামত দিন