Views Bangladesh Logo

আলভারেজ ইস্যুতে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লা লিগায় বড় ধরনের ট্রান্সফার বিতর্ক তৈরি হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে ঘিরে। নিয়ম ভঙ্গ করে খেলোয়াড়কে দলে টানার চেষ্টা করেছে বলে অভিযোগ এনে বার্সেলোনার বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে আতলেতিকো মাদ্রিদ।

আতলেতিকোর অভিযোগ, কাতালান ক্লাব বার্সেলোনা ২৬ বছর বয়সী আলভারেজের সঙ্গে গোপনে আলোচনা চালিয়েছে, যদিও তিনি ২০৩০ সাল পর্যন্ত আতলেতিকোর সঙ্গে চুক্তিবদ্ধ। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে প্রায় ৫০০ মিলিয়ন ইউরো।

আর্জেন্টিনার ২–০ ব্যবধানে অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপ জয়ের পরই উত্তেজনা আরও বেড়ে যায়। ম্যাচ শেষে আলভারেজ নিজের স্বপ্ন পূরণের জন্য মাদ্রিদ ছাড়তে চান বলে প্রকাশ্যে মন্তব্য করেন, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

আতলেতিকো মাদ্রিদের সিইও মিগেল অ্যাঞ্জেল গিল মারিন বলেন, খেলোয়াড়কে প্রভাবিত করতে দীর্ঘ সময় ধরে বার্সেলোনা চাপ সৃষ্টি করছে বলে তাদের সন্দেহ।

তবে ক্রীড়া আইন বিশেষজ্ঞদের মতে, আলভারেজের ব্যক্তিগতভাবে বড় কোনো শাস্তির ঝুঁকি নেই। নিয়ম অনুযায়ী, চুক্তি ভাঙতে প্ররোচনার ক্ষেত্রে সর্বোচ্চ চার মাসের নিষেধাজ্ঞা হতে পারে, তবে বাস্তবে এমন শাস্তি খুবই বিরল।

এছাড়া দুই ক্লাবই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আওতাধীন হওয়ায় ফিফা শেষ পর্যন্ত বিষয়টি দেশীয় কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ২০১৯ সালের আঁতোয়ান গ্রিজম্যান ইস্যুর মতোই বড় শাস্তির পরিবর্তে কেবল আর্থিক জরিমানা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্বকাপ চলাকালীন এই বিতর্ক আলভারেজের খেলায় কোনো প্রভাব ফেলবে না বলেও জানানো হয়েছে। আনুষ্ঠানিক তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে, ফলে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে কোনো বাধার মুখে পড়ছেন না।

তবে এই ট্রান্সফার বিতর্ককে ঘিরে তৈরি হওয়া মিডিয়া চাপ জাতীয় দলের ক্যাম্পে কিছুটা মানসিক অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে আতলেতিকো ও বার্সেলোনার মধ্যে সম্ভাব্য ট্রান্সফার আলোচনা আপাতত আইনি জটিলতার কারণে থমকে গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ