Views Bangladesh Logo

রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে নিজ বাসায় ঢুকে এক নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম সারা রোকসানা পিনু। পরিবারের দাবি, হত্যার পর দুর্বৃত্তরা বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটের গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। সে সময় বাসায় একাই ছিলেন সারা রোকসানা পিনু।

পরিবারের অভিযোগ, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। পরে ঘরে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের ছেলে জানান, বাসায় ফিরে তিনি মাকে অতিথিকক্ষের মেঝেতে মৃত অবস্থায় দেখতে পান। তার ভাষ্য, গ্রিল কেটে বাসায় ঢুকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং মায়ের কাছে থাকা সব স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছে। তবে বাসার কিছু জিনিসপত্র এখনও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুলিশ আলামত সংগ্রহ ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেগুলোতে হাত দেওয়া হবে না।

পুলিশ জানায়, ঘটনার সময় নিহতের স্বামী অফিসে ছিলেন এবং মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন। প্রতিদিন স্কুল ছুটির পর সারা রোকসানাই মেয়েকে আনতে যেতেন। কিন্তু ওই দিন তিনি না যাওয়ায় মেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই বাসায় ফিরে আসে। বাসায় অস্বাভাবিক পরিস্থিতি দেখে সে আবার স্কুলে গিয়ে শিক্ষকের মাধ্যমে বাবাকে খবর দেয়।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, বিকাল ৩টার পর গ্রিল কেটে বাসায় প্রবেশ করে দুর্বৃত্তরা ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে এবং ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

দক্ষিণখান থানার উপপরিদর্শক হাবিব জানান, বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এরপর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয় এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

নিহত সারা রোকসানা পিনু কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ভূইয়া বাড়ি এলাকার বাসিন্দা শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ