Views Bangladesh Logo

কাশিমপুর মহিলা কারাগার থেকে পালানো বন্দি দুই দিন পর গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি রিম্পাকে দুই দিন পর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ।

কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যান ২১ বছর বয়সী রিম্পা। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৯ জুলাই আদালতের মাধ্যমে তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

ঘটনার পরদিন কারা কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া মেট্রনরা হলেন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা। আর সাময়িক বরখাস্ত হওয়া নারী কারারক্ষীরা হলেন শায়লা, শারমিন, জেমি ও আসমা।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দি পালানোর ঘটনায় তদন্ত চলছে। গ্রেপ্তার হওয়া রিম্পাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আবারও কারাগারে নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ