শিশু নির্যাতনের অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশি গ্রেপ্তার
শত শত শিশুকে যৌন নিপীড়ন ও পর্নোগ্রাফি চক্র পরিচালনার অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর গত বুধবার তাকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে যাওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় আগামী বৃহস্পতিবার তাকে আলাস্কার একটি আদালতে হাজির করার কথা রয়েছে।
মার্কিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ বছর বয়সী জোবাইদুল মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তিনি ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও বিদেশের শত শত অপ্রাপ্তবয়স্কদের খুঁজে বের করতেন। পরবর্তীতে তাদের ব্ল্যাকমেইল ও চাপের মুখে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরিতে বাধ্য করতেন।
আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের জুলাই মাসে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এর আগে তিনি মালয়েশিয়ার একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরি ও সংরক্ষণ সংক্রান্ত ১৩টি অভিযোগ আনা হয়।
জোবাইদুলকে আইনের আওতায় আনতে এফবিআই এবং মার্কিন বিচার বিভাগ দীর্ঘ সময় ধরে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছিল। সফল অভিযানের পর তাকে মালয়েশিয়া থেকে বন্দি অবস্থায় যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়।
এই সাফল্য প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি বলেন, “বিশ্বজুড়ে শত শত শিশুকে নির্যাতনের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে মালয়েশিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছে। এটি একটি পরিষ্কার বার্তা যে, অপরাধীরা বিদেশে লুকিয়ে থাকলেও প্রশাসনের নজর এড়াতে পারবে না। শিশুদের সুরক্ষায় আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুল আমিনের সর্বনিম্ন ২০ বছর থেকে শুরু করে সর্বোচ্চ আজীবন কারাদণ্ড হতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে