Views Bangladesh Logo

হেফাজতে বাবা-ছেলে হত্যা: ভারতে ৯ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

ভারতের তামিলনাড়ু রাজ্যে বহুল আলোচিত হেফাজতে বাবা-ছেলে হত্যার ঘটনায় ৯ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার মাদুরাইয়ের একটি আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ইনস্পেক্টর শ্রীধর, সাব-ইনস্পেক্টর বালাকৃষ্ণন ও রঘু গণেশ এবং কনস্টেবল মুরুগান, সমাদুরাই, মুথুরাজা, চেল্লাদুরাই, থমাস ফ্রান্সিস ও ভেইলুমুথু।

আদালত এই ঘটনাকে ‘ক্ষমতার ভয়াবহ অপব্যবহার’ হিসেবে উল্লেখ করে বলেন, অভিযুক্তরা বাবা পি জয়ারাজ ও তার ছেলে জে বেনিক্সকে নগ্ন করে নির্মমভাবে নির্যাতন করেছিলেন। আদালতের ভাষায়, ‘এই ঘটনার বিবরণ পড়লেই শরীর শিউরে ওঠে।’

রায়ে আরও বলা হয়, জনগণের অর্থে বেতন পাওয়া পুলিশ সদস্যরা মানসিক চাপের অজুহাত দেখিয়ে এমন বর্বরতা চালাতে পারেন না। আদালত উল্লেখ করেন, মাদ্রাজ হাইকোর্টের নজরদারি না থাকলে এই ঘটনার সত্য চাপা পড়ে যেতে পারত।

তদন্তকারী সংস্থা সিবিআই ঘটনাটিকে ‘বিরলতম’ অপরাধ হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। সংস্থাটি জানায়, তিনজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ বিভিন্ন প্রমাণে নিশ্চিত হয়েছে যে, দুইজনকে পুলিশ স্টেশনে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১৯ জুন। করোনা লকডাউনের সময় দোকান খোলা রাখার অভিযোগে জয়ারাজ ও বেনিক্সকে গ্রেপ্তার করা হয়, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। তাদের সাথানকুলাম থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই রাতভর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। কয়েক দিনের মধ্যে দুজনই মারা যান।

স্বজনদের অভিযোগ, নির্যাতনের ফলে তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এমনকি রক্তক্ষরণের ঘটনাও ঘটে।

মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। তদন্তে ১০ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দেন এক নারী কনস্টেবল। তিনি জানান—সারা রাত ধরে নির্যাতন চালানো হয়েছিল এবং থানার ভেতরে রক্তের দাগও দেখা গিয়েছিল। এ ছাড়া সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগও ওঠে, যা তদন্তকে জটিল করে তোলে।

পাঁচ বছরের বেশি সময় ধরে চলা বিচার প্রক্রিয়ায় শতাধিক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। এই রায়কে ভারতে মানবাধিকার লঙ্ঘনের একটি নজিরবিহীন ঘটনার বিচার হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ