Views Bangladesh Logo

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে ঈদ শপিং শেষে ফেরার পথে রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও এলাকায় দুটি পৃথক দুর্ঘটনা ঘটে।

সায়েন্সল্যাবে দুর্ঘটনায় নিহত হয়েছেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন এবং তার ২১ বছরের মেয়ে তৃষা। জানা যায়, তারা ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে ফেরার পথে রাত ৯টার দিকে সায়েন্সল্যাব মোড়ে দ্রুতগতির বালুবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সাজু আহমেদ মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া তৃষাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানিয়েছেন, ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

অপর দুর্ঘটনা ঘটে রাজধানীর তেজগাঁও সাত রাস্তার মোড়ে। সেখানে সিএনজি অটোরিকশা চালক মো. আলিম (৬৫) এবং যাত্রী মো. হারুনুর রহমান (৩২) মারা যান। হারুনুর রহমানও পরিবার নিয়ে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চালক আলিম ও যাত্রী হারুনুর রহমানকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহত হারুনুর রহমানের স্ত্রী ও তার বোন হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহগুলো বর্তমানে মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশ দুর্ঘটনাগুলো তদন্ত করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ