লঞ্চে ৬ মাসের শিশুকে রেখে উধাও ‘বাবা’
পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে ৬ থেকে ৮ মাস বয়সের এক কন্যাশিশুকে রেখে উধাও হয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দিয়েছিলেন। বুধবার (১৫ এপ্রিল) রাতে এমভি বন্ধন-৫ লঞ্চে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় লঞ্চের যাত্রী ও কর্তৃপক্ষের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।
লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীদের সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে এমভি বন্ধন-৫ লঞ্চটি বাউফলের কালাইয়া বন্দর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লঞ্চটি ধুলিয়া ঘাটে নোঙর করলে এক ব্যক্তি কন্যাশিশুটিকে কোলে নিয়ে লঞ্চে ওঠেন। নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়ে তিনি একটি সিটে বসেন।
কিছুক্ষণ পর পাশের যাত্রীদের তিনি জানান, শিশুটির মা আসছেন। স্ত্রীকে নিয়ে আসার কথা বলে শিশুটিকে অন্য যাত্রীদের জিম্মায় রেখে তিনি লঞ্চ থেকে নেমে যান। কিন্তু লঞ্চ ধুলিয়া ঘাট ছেড়ে দিলেও ওই ব্যক্তি বা শিশুটির মা আর ফিরে আসেননি। দীর্ঘ সময় পর শিশুটি কান্নাকাটি শুরু করলে যাত্রীদের সন্দেহ হয় এবং তারা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান।
বর্তমানে শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর আশ্রয়ে রাখা হয়েছে। এ বিষয়ে এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল বলেন, ‘কেন বা কী কারণে ওই ব্যক্তি শিশুটিকে রেখে চলে গেছেন, তা জানা যায়নি। শিশুটি নিরাপদে রয়েছে। যাত্রীদের সহযোগিতায় তার পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে।’
এদিকে খবরটি ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে। কালাইয়া বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আল মামুন বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’
লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে লঞ্চটি ঢাকা সদরঘাটে পৌঁছানোর পর শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে তাকে সদরঘাট কোতোয়ালি থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত শিশুটির প্রকৃত পরিচয় বা তার পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে শিশুটির স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে