বাড্ডায় ৩ বছরের শিশুকে হত্যার অভিযোগে বাবা আটক
রাজধানীর বাড্ডায় তিন বছর বয়সী ছেলেকে হত্যার অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম হাবিব। মঙ্গলবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড্ডার বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসায় রিকশাচালক শাহিন, তার স্ত্রী গৃহপরিচারিকা শিল্পী খাতুন এবং তাদের দুই সন্তান বসবাস করতেন। ঘটনার সময় মা বাসার বাইরে ছিলেন। পরে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান।
বারবার ডাকাডাকির পরও দরজা না খোলায় স্থানীয়রা জড়ো হন। পরে দরজা খুললে অভিযুক্ত শাহিন নিজেই সন্তানের মৃত্যুর কথা স্বীকার করেন। এরপর প্রতিবেশীরা ঘরে ঢুকে শিশুটিকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তাকে আটক করেন।
পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং বাবাকে আটক করে থানায় নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরিবার ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, তিনি মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই মাদকের টাকার জন্য স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করতেন ও নির্যাতন চালাতেন।
পুলিশ বলছে, কী কারণে তিনি নিজ সন্তানকে হত্যা করলেন, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে