সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিথি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মডেল ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ফারজানা সিথি। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারজানা সিথি। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে নড়াইল-২ নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নিয়ে তিনি ফরম জমা দিয়েছেন।
তিনি বলেন, “আমি পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্রিফ করব। আপাতত নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি আশাবাদী যে দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।”
যশোরের বাসিন্দা ফারজানা সিথি এর আগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি ফলিত পুষ্টি ও মানবিক বিজ্ঞান কলেজের শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে শাহবাগ এলাকায় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন। সম্প্রতি তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ও বিএনপির হয়ে মনোনয়ন সংগ্রহ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের ৩৫০ আসনের সংসদে বিএনপির নেতৃত্বাধীন জোটের জন্য ৩৬টি সংরক্ষিত আসন বরাদ্দ রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে