Views Bangladesh Logo

সৌদিতে আটক ৮ প্রবাসীর মুক্তির দাবি

সৌদি আরবে আটককৃত আট প্রবাসী বাংলাদেশির মুক্তির দাবি জানিয়েছেন দেশে থাকা তাদের স্বজনরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরই) আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় আট প্রবাসীর মুক্তির পাশাপাশি কর্মস্থলে ব্যবসা কার্যক্রম অব্যাহত রাখার দাবিও জানান স্বজনরা। এ বিষয়ে তারা অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. নুরুল কবির। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদেরও অকুণ্ঠ সমর্থন ছিল। তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ এবং দেশের বাইরে সব বাংলাদেশিরা বিজয় উল্লাসে মেতে ওঠেন।

তিনি আরও বলেন, ঠিক তেমনিভাবে সৌদি আরবের মাহাইল ও আবাহাত শহড়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। এই দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় মাহাইল থানার পুলিশ। যারা ২৩ দিন ধরে সৌদি আরবের কারাগারে আটক আছেন। পরিবাবের উপার্জনক্ষম ব্যক্তিদের আটকের কারণে তাদের পরিবার অসহায় দিন যাপন করছে।

নুরুল কবির বলেন, সৌদি আরবে আটককৃতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ রহমতুল্লাহ, মো. খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিম উল ইসলাম, মাওলানা ইউসুফ, বান্দরবান থানার মো. আশরাফুল ইসলাম ও অজ্ঞাতপরিচয় একজন।

এই আটককৃতদের মুক্তির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করে মো. নুরুল কবির বলেন, আটক আট বাংলাদেশির মুক্তির জন্য সৌদি আরবের মাহাইল পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আমরা ভুক্তভোগীর পরিবার ও আত্মীয়-স্বজনরা বিভিন্নভাবে যোগাযোগ করি। কিন্তু বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ছাড়া আটকদের মুক্তি সম্ভব নয়। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সরকার তৎপর ভূমিকা পালন করলে আটক প্রবাসীরা মুক্তি পাবেন। একই সঙ্গে সৌদি আরবে পরিচালিত তাদের প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে এবং অন্য প্রবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন।

সংবাদ সম্মলেন সাত প্রবাসীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ