ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক
ঢাকা মেডিকেল কলেজের লেডিস কমন রুম থেকে ভুয়া আইডি কার্ড ও অ্যাপ্রোন পরিহিত অবস্থায় মনিকা আক্তার মিতু নামে এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কলেজ প্রশাসন।
মঙ্গলবার দুপুরে পুরাতন ভবনের নিচতলায় লেডিস কমন রুমে তাকে দেখে সন্দেহ হয় অন্য শিক্ষার্থীদের। কথা বলে এবং আইডি কার্ড যাচাই করে তারা নিশ্চিত হন, তিনি এই কলেজের শিক্ষার্থী নন। পরে তাকে আটক করে কলেজ প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়।
আটক তরুণী জানান, তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মমিন আলীর মেয়ে এবং বর্তমানে নবাবগঞ্জে থাকেন। তবে কী উদ্দেশ্যে ভুয়া পরিচয়ে কলেজে এসেছিলেন, সে বিষয়ে কিছুই বলেননি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে