Views Bangladesh Logo

ফেসবুক পেজ সিস্টেমে বড় পরিবর্তন, ‘অ্যাডমিন’ ভূমিকা বাতিল

 VB  Desk

ভিবি ডেস্ক

২০২৬ সালে মেটা তাদের পেজ ব্যবস্থাপনা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। আগের ‘পেজ রোলস’ সিস্টেম তুলে দিয়ে নতুন ‘বিজনেস পোর্টফোলিও’-ভিত্তিক অ্যাক্সেস মডেল চালু করা হয়েছে। এই পরিবর্তনে অনেক পেজ অ্যাডমিন বিভ্রান্ত হয়েছেন। নতুন নিয়মগুলো ৩০ মে ২০২৬ থেকে পুরোপুরি কার্যকর হবে।

নতুন ব্যবস্থায় এখন আর সরাসরি কোনো পেজ থেকে কাউকে অ্যাডমিন, এডিটর বা মডারেটর হিসেবে যুক্ত করা যাবে না। এর বদলে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘বিজনেস পোর্টফোলিও’-তে যুক্ত করতে হবে, এরপর তাকে পেজে অ্যাক্সেস দেওয়া যাবে। পরিচিত ‘অ্যাডমিন’ ভূমিকার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ফুল কনট্রোল’, আর ‘মডারেটর’ ও ‘এডিটর’ এখন ‘পার্শিয়াল এক্সেস’ নামে পরিচিত।

নির্ধারিত সময়ের আগে পেজ অ্যাডমিনরা কোনো পদক্ষেপ না নিলে, যাদের বর্তমানে পেজে অ্যাক্সেস রয়েছে তাদের সবাইকে স্বয়ংক্রিয়ভাবে বিজনেস পোর্টফোলিওতে ‘Basic এক্সেস’ দিয়ে যুক্ত করা হবে—পেজ মালিক চাইলে বা না চাইলে।

মেটা পরামর্শ দিয়েছে, অ্যাডমিনদের মেটা বিজনেস সুইটে গিয়ে সেটিং > পিপল সেকশনে ঢুকে কারা বর্তমানে অ্যাক্সেসে আছে তা পর্যালোচনা করতে। অপ্রয়োজনীয় ব্যক্তিদের দ্রুত সরিয়ে ফেলতে বলা হয়েছে।

মেটা এই আপডেটকে নিরাপত্তা উন্নয়নের অংশ হিসেবে বললেও, পর্যবেক্ষকদের মতে এতে নতুন কিছু ঝুঁকিও তৈরি হয়েছে।

নতুন সিস্টেমে বিজনেস পোর্টফোলিওর মাধ্যমে যুক্ত কেউ ,অ্যাডস ম্যানেজার, এনালাইসিস এবং পিক্সলেও প্রবেশাধিকার পেতে পারে, যদিও আগে সে শুধুমাত্র পোস্ট মডারেশন করত। এতে ডেটা চুরির ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেউ ‘ফুল কন্ট্রোল’ পেলে পেজের অডিয়েন্স ডেটা বা বিজ্ঞাপন অ্যাকাউন্টের তথ্য নিয়ে নিতে পারে। এমনকি ভুল ব্যক্তিকে এই পূর্ণ নিয়ন্ত্রণ দিলে পুরো পেজের মালিকানাও হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিবর্তনগুলো মেটার ব্যবসায়িক সম্পদ ব্যবস্থাপনাকে আরও কেন্দ্রীয় করার প্রচেষ্টার অংশ। তবে ডেডলাইনের আগে পেজ অ্যাডমিনদের তাদের অ্যাক্সেস তালিকা ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত কেউ পেজ বা সংশ্লিষ্ট টুলে প্রবেশাধিকার না পায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ